প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
সিদ্ধিরগঞ্জ থানায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের পরিদর্শ

নারায়ণগঞ্জ আপডেট ঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার বিভাগীয় সার্ভিস ডেলিভারির গতিশীলতা পর্যালোচনায় থানা পরিদর্শন করেছেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন। পরিদর্শনকালে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সেবাপ্রার্থীদের সুবিধার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় পৌঁছালে তাকে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন।
পরিদর্শনকালে জজ আদালতের বিচারকবৃন্দ থানার মালখানা, হাজতখানা, নারী ও শিশু ডেস্কসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপর অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার এসআই ফারজানা আক্তার, শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল নাহিদ সুলতানাসহ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন বলেন, "বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় যত সুদৃঢ় হবে, সাধারণ মানুষ তত দ্রুত ও মানসম্মত আইনগত সেবা পাবে। সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে আরও মানবিক ও আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে।"
পরিদর্শন কার্যক্রম শেষে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্মারক হিসেবে আমানিয়া বৃক্ষরোপণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট